।। আইপ্যাকের অফিসে ইডির হানা, প্রতিবাদে সুন্দরবনে পথে নামলো শাসক দল ।।
।। আইপ্যাকের অফিসে ইডির হানা, প্রতিবাদে সুন্দরবনে পথে নামলো শাসক দল ।।
বসিরহাট : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চালানোর প্রতিবাদে বসিরহাটের সুন্দরবন লাগোয়া মিনাখাঁ ব্লকের মালঞ্চ ও বামনপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি মিনাখাঁ ব্লকেও প্রতিবাদে সামিল হন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
এদিন রাজ্য সড়ক ৩এ (বাসন্তী হাইওয়ে) এর মালঞ্চ ও বামনপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ পথসভা। সমাবেশে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বক্তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিরোধী দল ও তাদের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে ভয় দেখাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লা, মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রাণী মণ্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তৃণমূলের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক, যুব তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে এদিনের বিক্ষোভ সমাবেশ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে এবং তৃণমূল নেতৃত্ব দাবি করেন, এ ধরনের চাপ ও হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। তারা স্পষ্ট ভাষায় জানান, গণতন্ত্র ও রাজ্যের স্বার্থে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যাবে।



Post Comment