।। কবর থেকে মরদেহ উঠে এলো মিছিলে! হাড়োয়ায় এসআইআরের অভিনব প্রতিবাদ ।।
।। কবর থেকে মরদেহ উঠে এলো মিছিলে! হাড়োয়ায় এসআইআরের অভিনব প্রতিবাদ ।।
বসিরহাট : এসআইআরের প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে বসিরহাটের হাড়োয়ায় দেখা গেল এক অভিনব ও চমকপ্রদ প্রতিবাদ। এদিন হাড়োয়া-রাজারহাট (রাজ্য সড়ক ৩) রোডে হাড়োয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদেহের রেপ্লিকা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়। যার জেরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে অকারণে নোটিশ পাঠানো হচ্ছে, বারবার ডাকা হচ্ছে হেয়ারিংয়ে, ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই হয়রানির প্রতিবাদেই প্রতীকী ভাবে ‘কবর থেকে উঠে আসা মৃতদেহ’-এর রেপ্লিকা নিয়ে রাস্তায় নামেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। হাড়োয়া-মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা ও তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ব্লক ২ সভাপতি ফরিদ জমাদারের নেতৃত্বে শুরু হওয়া এই মিছিল প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে। মিছিল জুড়ে ওঠে এসআইআর বাতিলের দাবি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান। অভিনব এই প্রতিবাদে পথচলতি মানুষজনও থমকে দাঁড়ান, কৌতূহলী দৃষ্টিতে মিছিল প্রত্যক্ষ করেন অনেকে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিত ভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। মৃত মানুষদের নামেও নোটিশ ও কাগজ দেখানোর অভিযোগ তুলে তারা জানান, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। অন্যদিকে, এই অভিনব প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।



Post Comment