×

।। ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ডাকাত দল, উদ্ধার লুট হওয়া গয়না ।।

।। ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ডাকাত দল, উদ্ধার লুট হওয়া গয়না ।।

বসিরহাট : সন্দেশখালি থানার পুলিশের বড়সড় সাফল্য। ডাকাতি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পুরো ডাকাত দল ও ডাকাতি হওয়া গয়না সহ ৬ ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ। বসিরহাটের সন্দেশখালি থানার মনিপুর এলাকার ঘটনা। মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক মিনাখাঁ সাব-ডিভিশনাল পুলিশ অফিসারের দপ্তরে হাসনাবাদের সিআই অভিজিৎ পাত্র ও সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বলাই ঘোষকে সঙ্গে করে সাংবাদিক সম্মেলন থেকে জানান, মনিপুরের জয়গোপালপুর এলাকার বাসিন্দা শম্ভুনাথ মন্ডল কর্মসূত্রে বাইরে থাকেন। শনিবার রাতে তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা ও মা বাড়িতেই ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। বাড়ির দরজা ভেঙে সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢোকে এবং গৃহবধূকে মারধর করে বাড়িতে থাকা সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। ডাকাত দলের মারধরে মহিলার কান সহ একাধিক জায়গায় আঘাত লাগে। এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে আসে এবং খবর দেওয়া হয় সন্দেশখালি থানায়। সন্দেশখালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্ত শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে সন্দেশখালি এবং অন্যান্য জেলায় পালিয়ে থাকা ছয় ডাকাতকেই গ্রেফতার করে থানার পুলিশ। সোমবার ভোররাতে মোট চারজনকে গ্রেফতার করা হয়। দু’জনকে গ্রেফতার করা হয় সন্দেশখালির কোরাকাটি থেকে। বাকি দু’জনকে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর ও সোনারপুর থেকে গ্রেপ্তার করা হয়। এই চার দুষ্কৃতিকে সোমবার বসিরহাট আদালতে পেশ করা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাদের জেরা করে সন্দেশখালির মনিপুর থেকে আরও দুই দুষ্কৃতীকে মঙ্গলবার ভোররাতে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় সোনা ও রুপোর গয়না। ধৃতদের মঙ্গলবার বসিরহাট আদালতে পেশ করা হয়।

Post Comment

You May Have Missed