।। দীর্ঘদিনের দাবি পূরণ, মিলল নতুন তিনটি রাস্তা ।।
।। দীর্ঘদিনের দাবি পূরণ, মিলল নতুন তিনটি রাস্তা ।।
বসিরহাট : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাটের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে তিনটি নতুন রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত কনভেনার মুকুল মন্ডলের উদ্যোগে এই উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। হাবাসপুর এলাকায় একটি ঢালাই রাস্তা, হরিকাটি এলাকায় প্রায় ২২ লক্ষ টাকার ব্যয়ে একটি ঢালাই রাস্তা এবং গাবতলা বাজার সংলগ্ন এলাকায় একটি পিচের রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই তিনটি রাস্তার কাজের শুভ সূচনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এই তিনটি রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়ে ছিল। বর্ষার সময় কাদায় পরিণত হওয়া রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়তেন সাধারণ মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বাজারে যাতায়াতকারী ব্যবসায়ী ও সাধারণ মানুষ সকলেরই ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। সেই সমস্যার সমাধানে স্থানীয় মানুষের দাবি ও সমস্যার কথা মাথায় রেখে পথশ্রী প্রকল্পের আওতায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থার আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসলাম গাজী সহ একাধিক স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা। নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। এই প্রসঙ্গে মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত কনভেনার মুকুল মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ রাস্তার বেহাল অবস্থার কারণে সমস্যায় ভুগছিলেন। সেই কথা মাথায় রেখেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই তিনটি রাস্তার কাজ শুরু করা হলো। রাস্তা তৈরি হয়ে গেলে সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নের জন্য আমরা এভাবেই কাজ করে যাবো।” স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত কাজ সম্পূর্ণ হলে বহুদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।



Post Comment