।। শুনানির প্রতিবাদ, স্বরূপনগরে বিডিও অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের ।।
।। শুনানির প্রতিবাদ, স্বরূপনগরে বিডিও অফিসের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের ।।
বসিরহাট : এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লো স্বরূপনগর। বুধবার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিডিও অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গ্রামবাসীদের বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এসআইআর সঠিক নিয়ম মেনে করা হচ্ছে না। বৈধ ভোটারদের নাম অকারণে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে দিনের পর দিন হেয়ারিংয়ের নামে হয়রানি করা হচ্ছে। স্বরূপনগর ব্লকের তৃণমূল নেতা আব্দুল ওয়াহাবের নেতৃত্বে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসূয়া মন্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য্য, পূর্তের কর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী, তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ইমরান হোসেন সহ ব্লক নেতৃত্ব শেখর দাস ও স্বরূপনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজোগোপাল বিশ্বাস সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।
এদিন সকাল থেকেই স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ও সাধারণ গ্রামবাসীরা মিছিল করে বিডিও অফিসের সামনে জমায়েত হন। হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন। বিক্ষোভকারীদের দাবি, কোনও স্পষ্ট কারণ ছাড়াই বহু মানুষের ভোটার পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যার ফলে কাজকর্ম ছেড়ে বারবার অফিসে আসতে বাধ্য হচ্ছেন দিনমজুর ও প্রান্তিক মানুষ।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এর জেরে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। অবরোধ তুলতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্বরূপনগর বিডিও অফিস চত্বর ও সংলগ্ন রাস্তায় উত্তেজনা বজায় থাকে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা না এলে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে তারা হাঁটবে।



Post Comment