খাজা বাবার ঊরস মোবারক পালন খুষ্টিগিরী দরগায়
খাজা বাবার ঊরস মোবারক পালন খুষ্টিগিরী দরগায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
হিজরী সালের ৬ রজব তারিখ মোতাবেক শনিবার বীরভূমের পারুই থানার খুষ্টিগিরী দরগাহ শরীফে হজরত খাজা মঈনউদ্দিন চিশতী রহমতুল্লাহ আলায়হের ঊরস উৎসব মহা সাড়ম্বরে পালিত হয়। উল্লেখ্য মহামানব খাজা বাবার মাজার শরীফ রয়েছে রাজস্থানের আজমীর শরীফে। তাঁর ঊরস বা তিরোধান দিবস চিশতীয়া তরিকার ভক্তেরা যথাযথ মর্যাদায় প্রতিপালন করে থাকেন। বীরভূমের খুষ্টিগিরীতেও রয়েছে তাঁর অধস্তন খলিফা হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজার শরীফ সহ খানকাহ। সেই প্রেক্ষিতে এখানেও ঊরস উৎসব পালিত হয়। স্থানীয় মানুষ ছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকেও মুরীদ-ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকাল ১০ টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় সবুজ নিশান উত্তোলনের মাধ্যমে। এরপর খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজারে শরীফে সমবেত চাদর পোষী করা হয়। বাদ মাগরিব চিশতীয়া চেরাগ প্রজ্জ্বলনের মাধ্যমে মিলাদ মহফিল শুরু হয়। খাজা বাবার মহান আদর্শ, আত্মত্যাগ, উদারতা ও মানবতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মওলানা আব্দুল ওহাব, শামসের রেজা, সেখ বসিরউদ্দিন, নওয়াজ শরীফ, সেখ সাহাবউদ্দিন, সেখ বাবর আলী প্রমুখ। শেষলগ্নে মহফিলের আহ্বায়ক তথা খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব তাঁর মূল্যবান বক্তব্য পেশ করেন, ফাতেহা পাঠ করেন ও সকলের মঙ্গলকামনায় দোওয়া করেন।



Post Comment