গাজীপুর পঞ্চায়েতে আন্তর্জাতিক শিশু সভায় পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক আলোচনা

গাজীপুর পঞ্চায়েতে আন্তর্জাতিক শিশু সভায় পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক আলোচনা


পুলকেশ ভট্টাচার্য্য
গাজীপুর:
বুধবার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে আন্তর্জাতিক শিশু সভা যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর পঞ্চায়েতের শিক্ষা সেলের সভাপতি, গড়াগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দত্ত এবং সহ-শিক্ষক পুলকেশ ভট্টাচার্য।
সভায় মূলত শিশুদের দৈনন্দিন জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিশুদের বোঝানো হয় কীভাবে তারা নিয়ম মেনে পরিষ্কার থাকলে সুস্থ জীবনযাপন করতে পারে। আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করা, খাওয়ার পর ভালো করে মুখ কুলকুচি করা, নিয়মিত স্নান করা এবং পরিষ্কার জামাকাপড় পরার প্রয়োজনীয়তা।
এছাড়াও নিয়মিত নখ কাটা কেন জরুরি, নখ না কাটলে কীভাবে ময়লা জমে তা মুখের ভিতরে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে ও শরীর অসুস্থ হয়ে পড়তে পারে—এই বিষয়গুলি শিশুদের সহজ ভাষায় বুঝিয়ে বলা হয়।
সভায় বিদ্যালয়ের মিড ডে মিল ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি মিড ডে মিলের আগে সাবান দিয়ে কীভাবে ঠিকভাবে হাত ধুতে হয়, যাতে পুরো হাত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তা শিশুদের হাতে-কলমে শেখানো হয়। সবজি খাওয়ার উপকারিতা এবং সুস্বাস্থ্যের জন্য সবজির গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
গড়াগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দত্ত জানান, “স্টুডেন্ট উইক পালনের অঙ্গ হিসেবে গাজীপুর পঞ্চায়েতে আজকের এই আন্তর্জাতিক শিশু সভা আমাদের কর্মসূচিকে আরও সুন্দর ও সফল করে তুলেছে।”
অন্যদিকে বিদ্যালয়ের সহ-শিক্ষক পুলকেশ ভট্টাচার্য জানান, “এই ধরনের কর্মসূচি আমাদের বিদ্যালয়ে প্রতিদিনই হাতে-কলমে করানো হয়। প্রার্থনার লাইনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের নখ ও চুল পরীক্ষা করা হয়। চুল ঠিকঠাক না কাটলে অভিভাবকদের জানানো হয়। এর ফলে শিশুরা ছোট থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারছে।”
এই সচেতনতামূলক কর্মসূচিতে ছাত্রছাত্রীরা যেমন খুশি, তেমনই সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকবৃন্দ ও পঞ্চায়েতের সদস্যরাও। গাজীপুর পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগ গড়াগাছা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলেই মনে করছেন সকলে।

Post Comment

You May Have Missed