মেমারি বইমেলার উদ্বোধনে কলকাতা বইমেলার মুখ্য সংগঠক
মেমারি বইমেলার উদ্বোধনে কলকাতা বইমেলার মুখ্য সংগঠক
সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকারের পালা বদলের পরবর্তী ১৪ তম মেমারি বইমেলার উদ্বোধন হয় আজ মেমারি বাসস্ট্যান্ডে বইমেলার স্থায়ী মঞ্চে, যার নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চ। বইমেলা প্রাঙ্গণের নাম ভূমিশ্রী প্রাঙ্গণ করা হয়েছে। বইমেলার পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলারবৃন্দ। পরে মঞ্চের ফিতে কেটে উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বইমেলার সূচনা করেন সম্পাদক, এডিটরস্ ও বুক সেলার্স গিল্ড, কলকাতার ত্রিদিব চট্টোপাধ্যায়, যিনি আন্তর্জাতিক কলকাতা বইমেলার মুখ্য সংগঠক। মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েসা রানী এ, মহকুমা শাসক সদর দক্ষিণ বুদ্ধদেব পান, মেমারি ১ বিডিও শতরূপা দাস, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ মেমারি পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও এক্সিকিউটিভ অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন ‘গুগল সহ সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পাওয়া যেতে পারে যা সব সময় সঠিক হয় না। কিন্তু বই দিতে পারে জ্ঞান-শিক্ষা সুতরাং সকলে একটি করে বই কিনে পড়ুন ও অপরকে পড়তে উৎসাহী করুন।’ বইমেলা কমিটির সম্পাদক তথা মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী বলেন ৫৯টি বুক স্টল আছে এবারের বইমেলায়। বেলা ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা। প্রত্যেকদিন বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি ন’টা পর্যন্ত বইমেলা মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানে উল্লেখযোগ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পুতুল নাচ সহ বিভিন্ন প্রোগ্রাম থাকছে এবং বইমেলায় সবথেকে বড় আকর্ষণ বলে জানান ১৮ জানুয়ারি অঙ্কিতা ভট্টাচার্য্য এবং ২০ জানুয়ারি পৌষালী ব্যানার্জীর সংগীতানুষ্ঠান।



Post Comment