সুন্দরবনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন
।। সুন্দরবনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ।।
বসিরহাট : বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন পালন করা হলো। হিঙ্গলগঞ্জ ব্লকের কৃষি মান্ডি চত্বরে ও নারকেলতলা ভোট সুরক্ষা শিবিরে কেক কেটে এই জন্মদিন উদ্যাপন করা হয়। কর্মসূচিতে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের এসআইআরের খসড়া তালিকা ও চলমান হেয়ারিং প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। বিধায়ক বলেন, “এই হেয়ারিংয়ের জেরে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা-মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও বিবাহিত মেয়ের নাম বাদ পড়েছে, ফলে সেই মেয়েকে আলাদা করে হেয়ারিংয়ে আসতে হচ্ছে। এতে অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।”
তিনি আরও বলেন, “কারও কারও ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকায় নাম ভুলবশত বাদ গেলেও ২০০৪ সালে সেই নাম উঠে গেছে। তবুও সেই সময়ের নথিপত্র জোগাড় করে হেয়ারিং ক্যাম্পে হাজিরা দিতে হচ্ছে। এর ফলে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক। তার দাবি, এই প্রক্রিয়ায় সংশোধন না আনলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বিধায়ক দেবেশ মণ্ডল। তিনি বলেন, “বাংলার মানুষের পাশে থেকে যেভাবে মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে, দিদি যেন সুস্থ ও ভালো থাকেন।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী, যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ নাথ, বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস দাস, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্ত, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজী, হিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূলের সভাপতি অলোক মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মী-সমর্থকরা।
সব মিলিয়ে হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না, বরং রাজনৈতিক বক্তব্য ও সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার মঞ্চ হিসেবেও এই কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।



Post Comment