বিদ্যালয়ে ছাত্র সপ্তাহের সাড়ম্বর সমাপ্তি
বিদ্যালয়ে ছাত্র সপ্তাহের সাড়ম্বর সমাপ্তি
সেখ সামসুদ্দিন, ৮ জানুয়ারিঃ ২০২৬ নতুন শিক্ষাবর্ষের প্রারম্ভে রাজ্য সরকারি নির্দেশিকা অনুসারে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সমারোহে এবং শিক্ষামূলক মননের মধ্যে দিয়ে পালিত হয় ছাত্র সপ্তাহ। বিগত সপ্তাহে যা তাত্ত্বিক এবং ব্যবহারিক ভাবে শিক্ষালাভ করে তা পরিবেশন করে ছাত্রছাত্রীবৃন্দ।ছাত্র সপ্তাহের অন্যতম অঙ্গ ছিল মিট দ্য আইকন। আজ আইকনরূপে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক, যোগবিশেষজ্ঞ, সমাজসেবী প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে প্রীতিলতা বলেন, এই বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর। সুনির্মল বসুর বিখ্যাত কবিতা আকাশ আমায় শিক্ষা দিল উদ্ধৃত করে বলেন যে শিক্ষা নেওয়ার জায়গা চারদিকে সর্বত্রই আছে। সেখান থেকে শিখবে এবং নিজেকে ঋদ্ধ করবে। নিজের সবকিছু সুন্দর করে সাজাবে। বিদ্যালয়ের গর্ব করবে এবং সেকথা বলার জন্য নিজেদের তৈরি করবে। নিজে নিজের একটা রুটিন তৈরি করবে এবং যথাসম্ভব সেইমতো চলবে। স্বাবলম্বী হবে।প্রীতিলতা ছড়া তৈরির লাইভ কম্পিটিশন করে কানায় কানায় পূর্ণ শতবার্ষিকী হল মাতিয়ে দেন। তিনি বলেন – আমরা ছোট ছোট ফুল। এর সঙ্গে মিলিয়ে তিনি পরের পংক্তি জানতে চান। আমরা প্রতিদিন আসি স্কুল – এই লাইন মিলিয়ে সূর্য পুরস্কার জিতে নেয়। এরকম নানা রকম শিক্ষণীয় খেলার মাধ্যমে তিনি রমণীয় ভঙ্গীতে সকলের মন জয় করে নেন। অঙ্কন, সঙ্গীত, নৃত্য, গল্পবলা, গণিত বিজ্ঞানের মডেল ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় স্থানধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যতম পুরস্কৃত অষ্টম শ্রেণির সায়ন্তিকা বলে, ছাত্র সপ্তাহের মতো অনুষ্ঠান তাদের পক্ষে খুবই উৎসাহব্যঞ্জক। সপ্তম শ্রেণির আবির বলে, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা এবং বুদ্ধিবৃত্তির বিকাশের চর্চা তাকে এই বিদ্যালয়কে আরও ভালবাসাতে শেখাল। প্রধান শিক্ষক বলেন এইরকম ছাত্র সপ্তাহ জাতীয় শিক্ষানীতি ও রাজ্য শিক্ষা নীতিকে হলিস্টিক এডুকেশনের সাথে মেলবন্ধন ঘটাবে এবং আদর্শ মানুষ তৈরি করতে সাহায্য করবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়-দায়িত্ব ছিল বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায়।তত্ত্বাবধানে সুনীতা সাহা সুশ্বেতা সাহা, অনন্যা ঘোষ, দেবলীনা ঘোষ, কৃষ্ণা ঘোষ, আঁখি চক্রবর্তী সহ সকল শিক্ষক-শিক্ষিকা I পরিচালক সমিতির পক্ষ থেকে প্রধান শিক্ষক সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



Post Comment