পুষ্টির বিকল্প পথের খোঁজে আলোচনাসভা
পুষ্টির বিকল্প পথের খোঁজে আলোচনাসভা
সেখ সামসুদ্দিন, ১০ জানুয়ারিঃ আজ বর্ধমানের দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পুষ্টির বিকল্প পথের সন্ধানে শীর্ষক একটি আলোচনা সভা হয়। স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচক রাজ ঘোষ জানান, প্রাণিজ খাদ্য ছাড়াও উদ্ভিজ্জ খাদ্যে যথেষ্ট পুষ্টি আছে। তাই আগামী দিনগুলোতে মিডডে মিলে সপ্তাহে অন্তত দুদিন মিলেট আসতে চলেছে মাছ-মাংস ইত্যাদির বদলে। প্রাণিজ উপাদান ব্যবহার না করে কেক তৈরি এবং খাদ্যে ব্যবহার ছিল বিশেষভাবে আলোচনার বিষয়। পুষ্টির বিভিন্ন দিকের কথা বলে রাজ জানান ডিম ছাড়া কেক থেকেও যথেষ্ট প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। ডিম ছাড়া কেক বানিয়ে সবাইকে খাওয়ানো হয়। বিদ্যালয়ের চল্লিশ জন ছাত্রী এই সভাতে অংশগ্রহণ করে। অষ্টম শ্রেণির সায়ন্তিকা নবম শ্রেণির সোনালী জানায়, ডিম ছাড়া কেকের স্বাদ কিছু কম নয়। ফলে তারা বাড়িতে ডিম ছাড়া কেক তৈরি করবে। পরের বিষয়বস্তু ছিল পান্তাভাত। রাজ জানান, পান্তাভাত খাওয়ার অভ্যাস আগে আমাদের সমাজে ছিল। একে আবার বাড়িয়ে তুলতে হবে। এক রাত ভেজার পর ভাতে টক ভাব এলে তাতে ভাল ব্যাকটেরিয়া তৈরি হয় যা আমাদের পৌষ্টিক তন্ত্র মজবুত করে। পেটকে ভাল রাখে। দেব অভিনীত প্রজাপতি ২ চলচ্চিত্রের উল্লেখ করে রাজ পান্তাভাতের উপকারিতা এবং জনপ্রিয়তার কথা বলেন। জীববিদ্যার শিক্ষিকা সুশ্বেতা সাহা জানান, বহুরকম খাদ্যের উৎসবে ছোটদের পুষ্টির জন্য কমমূল্যের পুষ্টিকর খাদ্যের আজকের এই আলোচনা সবার জন্যেই কার্যকর। প্রধানশিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত স্থানীয় অসচ্ছল পরিবারগুলিতে এবং বিদ্যালয়ের অতিরিক্ত ভাতকে, এই জাতীয় কর্মসূচির প্রসারের ওপর জোর দেন। আজও বিদ্যালয়ের অভিজ্ঞ সংস্কৃত সহশিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় ও শিক্ষিকা সুনীতা সাহার তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত ও লিপিবদ্ধ হয় ।



Post Comment