অবহেলিত শিশুদের দক্ষতা বিকাশে ‘প্রজেক্ট দীক্ষা’ চালু করল আইইএম ও লায়ন্স ক্লাব
অবহেলিত শিশুদের দক্ষতা বিকাশে ‘প্রজেক্ট দীক্ষা’ চালু করল আইইএম ও লায়ন্স ক্লাব
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
(আইইএম), কলকাতা, লায়ন্স ক্লাব অব কলকাতা আইইএম এবং লায়ন্স ক্লাব অব সল্টলেক আইইএম-এর সহযোগিতায় শনিবার ‘প্রজেক্ট দীক্ষা’ নামে এক সামাজিক উদ্যোগের সূচনা করল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজের অবহেলিত শিশুদের ইংরেজি যোগাযোগ দক্ষতা ও প্রাথমিক কম্পিউটার শিক্ষা প্রদান।
আইইএম-এর ম্যানেজমেন্ট হাউসে প্রকল্পটির উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে ২৫ জন অবহেলিত শিশুর অংশগ্রহণের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত শিক্ষামূলক কর্মসূচির সূচনা হয়। উদ্যোক্তাদের মতে, ‘প্রজেক্ট দীক্ষা’ একটি ধারাবাহিক উদ্যোগ, যার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এই প্রকল্পের অধীনে প্রতি সপ্তাহান্তে ক্লাস নেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষা প্রদান করা হবে, যাতে আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুরাও সহজেই এর সুবিধা পায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইইএম–ইউইএম গ্রুপের ডিরেক্টর অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, সামাজিক দায়বদ্ধতার সঙ্গে শিক্ষাগত উৎকর্ষকে একসূত্রে বাঁধাই আইইএম-এর লক্ষ্য। তাঁর কথায়, যোগাযোগ দক্ষতা ও ডিজিটাল শিক্ষার অভাব আজকের দিনে একটি বড় অন্তরায়, যা দূর করতেই এই উদ্যোগ।
লায়ন্স ক্লাব অব কলকাতা আইইএম-এর সভাপতি অধ্যাপক ড. প্রবীর কুমার দাস বলেন, সামাজিক উন্নয়নে যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ‘প্রজেক্ট দীক্ষা’-র মাধ্যমে এমন শিশুদের কাছে পৌঁছনো সম্ভব হবে, যাদের প্রয়োজন সঠিক দিশা, সহায়তা ও আত্মবিশ্বাস। একই সঙ্গে তিনি আইইএম-এর শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী ভূমিকার প্রশংসা করেন।
শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথ সুগম করাই ‘প্রজেক্ট দীক্ষা’-র মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের এই যৌথ উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।



Post Comment