হঠাৎ আগুনে পুড়ে ছাই বাড়িঘর । দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর।
হঠাৎ আগুনে পুড়ে ছাই বাড়িঘর । দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর।
শুভদীপ মন্ডল বাঁকুড়া:–সবেমাত্র বাংলা ও ইংরাজি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। তার মাঝেই ভয়াবহ আগুনে বইপত্র সহ বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল। নিজেদের একমাত্র মাথা গোঁজার আশ্রয়টুকুও আর রইল না। মাধ্যমিক পরীক্ষার্থীর এমন করুণ পরিস্থিতিতে তার পরিবারের পাশে দাঁড়াল পুলিশ, প্রশাসন ও সব রাজনৈতিক দল। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের হরিহরপুর গ্রামে।
গতকাল মাধ্যমিকের ইংরাজি বিষয়ের পরীক্ষা থাকায় স্থানীয় কালিসেন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর। পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেই দেখে তাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁই টুকু পুড়ে ছাই হয়ে গেছে এখন শুধুই ধ্বংসস্তুপ। ভয়াবহ আগুনে বাড়ির যাবতীয় সামগ্রী সহ পুড়ে ছাই হয়ে গেছে তার সমস্ত বই পত্রও। স্থানীয় সূত্রে জানা গেছে অর্পণের বাবা তরুণ ধীবর পেশায় ছোট গাড়ির চালক। হরিহরপুর গ্রামে ছোট্ট এক কামরার একটি এসবেস্টাসের ঘরে অর্পণ ও তার ছোট ভাইকে নিয়ে বসবাস করত বাবা তরুণ ধীবর ও মা রীণা ধীবর ।
পুড়ে ছাই হয়ে যায় বাড়ির যাবতীয় আসবাব, পোষাক এমনকি ছেলেদের বইপত্র, টাকা পয়সা গয়নাগাটিও। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এমন ঘটনা চোখে পড়তেই হতাশায় ভেঙে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ। বইপত্র পুড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে তার পরবর্তী পরীক্ষাগুলিও। পরীক্ষার্থীর মা রীনা ধীবর বলেন আমার শরীর অসুস্থ থাকায় অন্যের বাড়ির ছাদে শুয়েছিলাম হঠাৎ দেখি আমাদের বাড়ি জ্বলছে গ্রামের ছেলেপুলেরা তৈরি করে বাবার চেষ্টা করছে ছুটে যাই তবে কিছু বাঁচাতে পারেনি সব পুড়ে ছাই হয়ে গেছে। ছেলে এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার বই পত্র সব পুড়ে গেল। কিভাবে পরীক্ষা দেবে বুঝে উঠতে পারছি না আমরা অসহায় হয়ে গেলাম। তবে ঘটনার খবর জানাজানি হতেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়ায় পুলিশ, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল। পুলিশের তরফে তড়িঘড়ি ওই মাধ্যমিক পরীক্ষার্থীর প্রয়োজনীয় বইপত্র কিনে পরীক্ষার্থীর হাতে তুলে দেয় ওন্দা থানার পুলিশ। পরিবারটির হাতে কিছু খাদ্য সামগ্রী, কাপড় চোপড়ও তুলে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকেও প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে তুলে দেওয়া হয়েছে ও বাড়ি তৈরির সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে ও পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।



Post Comment