বীরখাম গ্রামে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বীরখাম গ্রামে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
সাধন মন্ডল বাঁকুড়া:–রবিবার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল বাঁকুড়া জেলার খাতড়া বীরখাম গ্রামে। খাতড়া মহকুমা হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সন্দীপ মুদি (২৬)। তার বাড়ি খাতড়ার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে। রবিবার রাতে বাড়ি থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা ও মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই যুবক। ওই যুবক পরিযায়ী শ্রমিক ছিলেন। কয়েকদিন আগে বাড়ি ফিরেছেন। রবিবার সকাল থেকে তাকে ফোনে না পেয়ে বাবা-মা চিন্তায় ছিলেন। বিকেলে পড়শিদের তাদের ছেলের খোঁজ নিতে বলেন। ডাকাডাকি সত্ত্বেও যুবক সাড়া না দেওয়ায় পড়শিরা ছাদে উঠে খোজ নেন। দেখেন, ঘরের মধ্যে ঢাকা দেওয়া ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে বন্ধ দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরিবারের দাবি, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা সুনীল মুদি বলেন ছেলেকে বাড়িতে রেখে আমরা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম কিভাবে কি হলো বুঝে উঠতে পারছি না ঘটনার তদন্ত করুক পুলিশ এবং দোষীদের শাস্তি দিক।কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে এলাকায়। খাতড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Post Comment