রাসায়নিক ছেড়ে প্রাকৃতিক কৃষির প্রসারে সারেঙ্গায় প্রশিক্ষণ শিবির
রাসায়নিক ছেড়ে প্রাকৃতিক কৃষির প্রসারে সারেঙ্গায় প্রশিক্ষণ শিবির
সাধন মন্ডল বাঁকুড়া:–রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে প্রাকৃতিক উপায়ে চাষবাসের প্রসার ঘটাতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ।রাজ্য সরকার সারা রাজ্যজুড়ে এই প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করেছেন পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা ব্লক। ১২ ই জুন বাঁকুড়া জেলাব্যাপী এক বিশেষ প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ও আগামীকাল অর্থাৎ ১৩ ও ১৪ জুন সমস্ত ব্লক জুড়ে চলছে এই সচেতনতা ও প্রশিক্ষণ শিবির। আজ
শনিবার (১৩ জুন) সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তার উদ্যোগে ও পরিচালনায় সারেঙ্গা ব্লক পঞ্চায়েত সমিতির কমিটি হলে ব্লক স্তরের কর্মশালাটির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করলেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। কৃষি বিপণন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন, পশুপালন, গ্রাম উন্নয়ন, সমবায় এবং প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এলাকার প্রায় ২০০ জন উৎসাহী কৃষক এই কর্মশালায় অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও প্রাকৃতিক চাষের সাথে যুক্ত বিভিন্ন কৃষক গোষ্ঠী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কৃষকদের উৎসাহিত করতে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন এ ডি এ ট্রেনিং বাসব ভট্টাচার্য, সহ-কৃষি অধিকর্তা (জরিপ ও পরিকল্পনা) অলকনন্দা মৈত্র এবং সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি।
এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা বলেন,
”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ ও ‘আত্মনির্ভর বাংলা’ গড়ে তোলার যে স্বপ্ন, তা বাস্তবায়িত করতেই প্রাকৃতিক উপায়ে জৈব সার উৎপাদন এবং রাসায়নিক মুক্ত চাষের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের স্বনির্ভর করতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির। রায়পুর বিধানসভার অন্তর্গত রায়পুর ও সারেঙ্গা দুটি ব্লকেই অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে।”
কর্মশালায় উপস্থিত কৃষি আধিকারিকরা কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদন এবং নিজেদের তৈরি জৈব সার ব্যবহারের বিভিন্ন বৈজ্ঞানিক ও ব্যবহারিক দিক হাত-কলমে শিখিয়ে দেন। সরকারি এই উদ্যোগে এই ধরনের প্রাকৃতিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ শিবির পেয়ে এলাকার চাষীরা খুব খুশি। উপস্থিত হওয়া চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহা ও উদ্দীপনা লক্ষ্য করা যায়
