কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন চাষের জমি, ড্রেন সংস্কারের দাবিতে সরব মুল্টিগ্রামের কৃষকরা
কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন চাষের জমি, ড্রেন সংস্কারের দাবিতে সরব মুল্টিগ্রামের কৃষকরা
রাহুল রায়,কাটোয়া : কয়েকদিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মুল্টিগ্রামের উত্তরপাড়া মাঠ এলাকায় বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা। মুল্টিগ্রামের উত্তরপাড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে বিঘার পর বিঘা ধান চাষের জমি সম্পূর্ণভাবে তলায় চলে গিয়েছে। ফলে সদ্য বোনা ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ড্রেন সংস্কার না হওয়ায় বর্ষার সময় অল্প বৃষ্টিতেই জল বের হতে পারে না। ফলে প্রতিবছরই একই সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের দাবি, দ্রুত ড্রেন সংস্কার করা হলে জল নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, অবিলম্বে ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এই ধরনের জলাবদ্ধতা থেকে কৃষিজমি ও ফসলকে রক্ষা করা সম্ভব হবে। এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে মুল্টিগ্ৰামের শতাধিক কৃষক।
