।। শুনানিতে আসা মানুষের তেষ্টা মেটাতে পানীয় জলের পরিষেবা শাসক দলের ।।
।। শুনানিতে আসা মানুষের তেষ্টা মেটাতে পানীয় জলের পরিষেবা শাসক দলের ।।
বসিরহাট : এসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু নাগরিক। এমন ছবি গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বসিরহাটে। ভোর পাঁচটা, ভোর ছটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুনানিতে আসা মানুষদের। দীর্ঘ অপেক্ষা, রোদ আর পর্যাপ্ত পানীয় জলের অভাবে অনেকেই পড়ছেন চরম ভোগান্তিতে। কারও শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ আবার বাধ্য হয়ে লাইন ছেড়ে পাশের দোকান থেকে জল কিনে খেতে যাচ্ছেন। ফলে ভেঙে যাচ্ছে লাইনের শৃঙ্খলা, বাড়ছে দুর্ভোগ। বসিরহাট ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ও বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে চলছে এসআইআরের শুনানির প্রক্রিয়া। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এখানে আসছেন নিজেদের কাজের জন্য। কিন্তু নাগরিক পরিষেবার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাঝেই জল-সংকট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই পরিস্থিতি সামাল দিতেই উদ্যোগী হয় তৃণমূল কংগ্রেস।
শাসক দলের তরফে শুনানি কেন্দ্রে শুরু করা হয় পানীয় জলের পরিষেবা। বসিরহাট টাউন তৃণমূলের সভাপতি রানা দাস ও বসিরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি চন্দ্রনাথ রায় চৌধুরীর উদ্যোগে এই পরিষেবা চালু হয়। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য জল পৌঁছে দেওয়া হয়, যাতে দীর্ঘ অপেক্ষার মধ্যেও কেউ অসুস্থ না হয়ে পড়েন এবং অন্তত প্রাথমিক স্বস্তিটুকু পান। শুনানিতে আসা নাগরিকদের অনেকেই এই উদ্যোগে খুশি। তাদের কথায়, দিনের পর দিন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সহজ নয়, তার উপর জল না পেলে সমস্যাটা আরও বেড়ে যায়। এই পরিষেবার ফলে কিছুটা হলেও ভোগান্তি কমেছে। প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি মানবিক দিকটা গুরুত্ব দিয়ে দেখার এই উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সাধারণ মানুষ।



Post Comment