‘কভি খুশি কভি গম’ এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে আইকনিক রায়চাঁদ ম্যানশন দেখার সুযোগ দিচ্ছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ
‘কভি খুশি কভি গম’ এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে আইকনিক রায়চাঁদ ম্যানশন দেখার সুযোগ দিচ্ছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি,
হিন্দি ছায়াছবি জগতে কালজয়ী সিনেমা ‘কভি খুশি কভি গম’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে এয়ারবিএনবি কর্তৃপক্ষ । এই ছবির সেই আইকনিক রায়চাঁদ ম্যানশনটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাধারণ দর্শক ও ভক্তরা প্রবেশের সুযোগ পাবেন। জানা গেছে মুম্বইয়ের এই রাজকীয় প্রাসাদে দুই ঘণ্টার বিশেষ সফরে দর্শকরা ছবির অন্দরমহলের চেনা দৃশ্যগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন।এই সফরের অন্যতম আকর্ষণ হলো প্রাসাদের বিশাল সিঁড়ি, পরিবারের স্টাডি রুম এবং করিনা কাপুরের অভিনীত চরিত্র ‘পু’-এর ওয়ার্ডরোব। এছাড়া দর্শকদের জন্য থাকছে বিশেষ অডিয়ো ট্যুর, যা তাদের ছবির স্মরণীয় মুহূর্তগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। সফর শেষে প্রত্যেক অতিথিকে একটি বিশেষ স্মারক উপহার দেওয়া হবে। যদিও এই আয়োজনে করণ জোহর, হৃতিক রোশন বা করিনা কাপুর সশরীরে উপস্থিত থাকবেন না, তবে ভার্চুয়াল হোস্ট হিসেবে তাঁরা ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন। জানা গেছে এই সফরটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও আসন সংখ্যা অত্যন্ত সীমিত। মোট ছয় দিনে মাত্র ১৮০ জন অতিথি এই সুযোগ পাবেন। আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে এয়ারবিএনবি-র ওয়েবসাইটে বুকিং শুরু হবে। একটি বুকিংয়ের মাধ্যমে একজন অতিথি তাঁর সঙ্গে আরও একজনকে নিয়ে যেতে পারবেন। তবে মুম্বইয়ে যাতায়াতের খরচ অতিথিদের নিজেদেরই বহন করতে হবে। রুপোলি পর্দার সেই জাঁকজমকপূর্ণ অভিজ্ঞতা নিতে আগ্রহী দর্শকদের দ্রুত বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে।
