সাম্প্রতিক
সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল ৫২ হাজার টাকা, মেমারি থানার তৎপরতায় উদ্ধার সম্পূর্ণ অর্থ

সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল ৫২ হাজার টাকা, মেমারি থানার তৎপরতায় উদ্ধার সম্পূর্ণ অর্থ

আনোয়ার আলি আনসারী, ১৪ সেপ্টেম্বর, মেমারি

​ সাইবার জালিয়াতির কবলে পড়ে খোয়া যাওয়া ৫২ হাজার টাকা উদ্ধার করে অভিযোগকারীর হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরে পেয়েছেন প্রতারিত ব্যক্তি।
​পুলিশ সূত্রে জানা গেছে, মেমারি থানার অন্তর্গত মণ্ডলগ্রামের বাসিন্দা কমল কুমার ঘোষ গত ২১ মে, ২০২৫ তারিখে সাইবার প্রতারকদের ফাঁদে পড়েন। প্রতারণার মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৫২ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরেই তিনি অবিলম্বে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
​অভিযোগ দায়ের হওয়ার পরই মেমারি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা পোর্টালের সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেনের পথ চিহ্নিত করা হয়। অবশেষে মেমারি থানার দীর্ঘ পর্যবেক্ষণ ও তৎপরতায় খোয়া যাওয়া সমুদয় অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়।
​ মেমারি থানার পুলিশের পক্ষ থেকে ওসি ব্রজগোপাল হালদার আজ, ১৪ সেপ্টেম্বর সোমবার কমল কুমার ঘোষের হাতে তাঁর খোয়া যাওয়া পুরো ৫২ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত তুলে দেওয়া হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে টাকা ফিরিয়ে দেওয়ায় মেমারি থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমলবাবু। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের অজানা লিঙ্ক, ওটিপি (OTP) বা অপরিচিত ফোনের ফাঁদে পা না দেওয়ার জন্য পুনরায় সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *