সাম্প্রতিক
সুন্দরবনের শামশেরনগরে নালসার মেগা ড্রাইভ – দ্বিতীয় পর্যায়, আইনি সচেতনতা শিবির ও আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

সুন্দরবনের শামশেরনগরে নালসার মেগা ড্রাইভ – দ্বিতীয় পর্যায়, আইনি সচেতনতা শিবির ও আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মোল্লা জসিমউদ্দিন,

উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রাম শামশেরনগর এলাকার মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের কাছে বিনামূল্যে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নালসার মেগা ড্রাইভের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য শামশেরনগরকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে।এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জনাব নুরজামান খান শামশেরনগর গ্রাম পরিদর্শন করেন। সেখানে স্থানীয় গ্রামবাসীদের আইনি অধিকার, ন্যায়বিচার লাভের সুযোগ, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্যতা এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এদিন সচিব খালিতলা গ্রাম পঞ্চায়েতে একটি গ্রাম আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্রের মাধ্যমে শামশেরনগর এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মানুষ যাতে আইনি সমস্যার সমাধানের জন্য দূরবর্তী দপ্তরে বারবার ছুটে যেতে বাধ্য না হন এবং নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এই কর্মসূচিতে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ, হেমনগর কোস্টাল থানার সাব-ইনস্পেক্টর, বিদ্যালয় পরিদর্শক , শামশেরনগর হাই স্কুলের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।উত্তর ২৪ পরগণা জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব জনাব মহম্মদ নুরজামান খান বলেন -“ভৌগোলিক বিচ্ছিন্নতা, আর্থসামাজিক প্রতিকূলতা এবং শিক্ষার সীমিত সুযোগ যেন ন্যায়বিচার লাভের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *