×

এ বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী ও গীতিকার ইমন মুখার্জীর প্রথম বই “গানের আড়ালে”।

এ বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী ও গীতিকার ইমন মুখার্জীর প্রথম বই “গানের আড়ালে”।

প্রথম বই প্রকাশ—স্বভাবতই এটি ইমন মুখার্জীর পাশাপাশি তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছেও এক গর্বের মুহূর্ত।

“গানের আড়ালে” মূলত ইমনের লেখা গানগুলোর নেপথ্য সময়, প্রেক্ষাপট ও অনুভবকে কেন্দ্র করে রচিত। কোন গান কোন সময়ে, কোন পরিস্থিতিতে লেখা—তার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনার কথা এই বইয়ের মূল উপজীব্য। তবে শুধু গানের গল্পেই সীমাবদ্ধ নয় এই বই; পাঠকেরাও পড়তে পড়তে নিজেদের জীবনের নানা অধ্যায়ের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন, আবিষ্কার করতে পারেন নিজের না বলা কথাগুলো।

বইটি সংগ্রহ করা যাচ্ছে বইমেলার বিভিন্ন লিটল ম্যাগাজিন স্টলের পাশাপাশি ত্রিপুরা দর্পণ ও বরানগর দর্পণ–এর স্টলে।

এরই মধ্যে বইমেলার প্রেস কর্নারে বরানগর দর্পণের সম্পাদক আশীষ ঘোষ মহাশয় ইমন মুখার্জীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে লেখালেখির পথে যিনি ইমনকে নিরন্তর উৎসাহ দিয়ে এসেছেন, তাঁর এই আমন্ত্রণ ইমনের কাছে বিশেষ সম্মানের। তবে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারেননি ইমন, কারণ সেই সময় তাঁর গানের রেকর্ডিং চলছিল।

তবু সেই অনুপস্থিতির আক্ষেপ ভুলিয়ে দেওয়ার মতো এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি ইমন মুখার্জী লাভ করেছেন। বরানগর দর্পণ স্টলে সম্পাদক আশীষ ঘোষ মহাশয়ের উপস্থিতিতে, দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দাদা ও বর্তমান সময়ের সাংবাদিক অপূর্ব চট্টোপাধ্যায়ের স্নেহভরা সঙ্গ এবং রামকৃষ্ণ মিশনের সাধক লোকনাথ চক্রবর্তী (কিংকর সমানন্দজি মহারাজ)–এর আশীর্বাদে ইমনের প্রথম বইয়ের শুভ সূচনা হয়। এই মুহূর্তকে ইমন নিজেই পরম সৌভাগ্যের বলে মনে করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বরানগর দর্পণের পারুল সংখ্যায় প্রতিবছর একটি করে বিশেষ লেখা প্রকাশিত হয়। এ বছর সেই সংখ্যায় স্থান পেয়েছে ইমনের মা ইন্দ্রানী গুপ্ত মুখার্জীর লেখা—যা এই সাহিত্যিক যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।

Post Comment

You May Have Missed