এনআই অ্যাক্ট সংক্রান্ত মামলার নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হলো বারাসাতে
এনআই অ্যাক্ট সংক্রান্ত মামলার নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হলো বারাসাতে
মোল্লা জসিমউদ্দিন
গত শনিবার সারা দেশের পাশাপাশি এই রাজ্যেও পালিত হয় বিশেষ লোক আদালত। উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এদিন এনআই অ্যাক্ট সংক্রান্ত বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়। বারাসতে অবস্থিত এডিআর কনফারেন্স হলে এই বিশেষ লোক আদালতের আয়োজন করা হয়।এই বিশেষ লোক আদালতে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার মাননীয় জেলা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী সুকুমার রায় এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব মাননীয় মহম্মদ নূরজামান খান প্রমুখ ।এই বিশেষ লোক আদালত প্রসঙ্গে মাননীয় জেলা বিচারক তথা ডিএলএসএ-র চেয়ারম্যান শ্রী সুকুমার রায় জানান,-” সাধারণ মানুষের মধ্যে এই বিশেষ লোক আদালতকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদ্যোগের সাফল্যকে প্রতিফলিত করে। এই বিশেষ লোক আদালতের মাধ্যমে অংশগ্রহণকারী মামলাকারীরা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাঁদের দীর্ঘদিনের আইনি বিরোধের নিষ্পত্তির সুযোগ পাবেন”অন্যদিকে, ডিএলএসএর সচিব মহম্মদ নূরজামান খান জানান, -“এই বিশেষ লোক আদালত মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা এনআই অ্যাক্টের অধীন চেক সংক্রান্ত মামলাগুলির জন্য আয়োজন করা হয়েছে। সাধারণত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চেক ব্যাঙ্কে জমা দেওয়ার পর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থের অভাব অথবা অন্য কোনও কারণে তা প্রত্যাখ্যাত হলে এই আইনের অধীনে মামলা দায়ের হতে পারে। এই ধরনের মামলাগুলি আইনত আপসযোগ্য হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলি পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করার সুযোগ পান”।
