নতুন অধ্যায়ে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল
নতুন অধ্যায়ে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল
কলকাতা | ১ সেপ্টেম্বর, ২০২৬: ২০২৭ সালের জানুয়ারিতে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল তার ঐতিহাসিক ২০তম সংস্করণে প্রবেশ করছে। দুই দশকের এই যাত্রা বই, ভাবনা ও সংলাপের মাধ্যমে লেখক, শিল্পী, চিন্তাবিদ এবং পাঠকদের একত্রিত করেছে।
গত বিশ বছরে উৎসবটি স্থানীয় সমাবেশ থেকে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য মঞ্চে পরিণত হয়েছে। নানা ভাষা ও সংস্কৃতির মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করে সাহিত্যকে বৃহত্তর জনপরিসরে পৌঁছে দিয়েছে এই উৎসব।
টিমওয়ার্ক আর্টস-এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কে. রায় বলেন, “বই ও ভাবনা মানুষকে একত্রিত করে… ২০তম সংস্করণে আমরা অতীতকে উদ্যাপন করছি, আবার ভবিষ্যতের অসংখ্য সংলাপের দিকে তাকিয়ে আছি।” কো-ডিরেক্টর নমিতা গোখলে যোগ করেন, “ভারতের আত্মা নিহিত রয়েছে তার সাহিত্যিক ঐতিহ্য ও ভাষাগত বৈচিত্র্যে।” এ বছর ‘ভাষা স্বরমালা’ সিরিজের মাধ্যমে বহু ভারতীয় ভাষাকে সম্মান জানানো হবে। প্রেসিডেন্ট প্রীতা সিং জানান, “আমরা নতুন পাঠক-শ্রোতার কাছে পৌঁছনো এবং আরও গভীর সহযোগিতা গড়ে তোলার দিকে মনোযোগী।”
শুরু থেকে উৎসবে অংশ নিয়েছেন ৮,০০০-এরও বেশি লেখক ও শিল্পী। সরাসরি প্রাঙ্গণে এসেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ, আর ডিজিটাল ও সম্প্রচার সহযোগিতায় পৌঁছেছে প্রায় ১০০ কোটির কাছে। জয়পুর থেকে বিশ্বজুড়ে ১৫টিরও বেশি আন্তর্জাতিক সংস্করণও অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, দর্শন, অর্থনীতি ও শিল্পকলার পাশাপাশি বহুভাষিক সাহিত্য ও অনুবাদকে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে দিয়েছে এই মঞ্চ।
“ভাবনা। গল্প। সংলাপের ২০ বছর।” এই বার্তা ভারতের ২২টি সরকারি ভাষায় প্রকাশিত হয়েছে। রাজস্থান সরকারের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে ১৪–১৮ জানুয়ারি, ২০২৭, জয়পুরে।
