নতুন ফৌজদারি আইনের ব্যবহারিক প্রয়োগ নিয়ে বসিরহাট পুলিশ জেলার প্রশিক্ষণ কর্মশালায় ডিএলএসএ সচিব
নতুন ফৌজদারি আইনের ব্যবহারিক প্রয়োগ নিয়ে বসিরহাট পুলিশ জেলার প্রশিক্ষণ কর্মশালায় ডিএলএসএ সচিব
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার নতুন ফৌজদারি আইনগুলির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে পুলিশ আধিকারিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাসিরহাট পুলিশ জেলার উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ , উত্তর ২৪ পরগনার সচিব, জনাব মহম্মদ নুরজামান খান-কে গুরত্বপূর্ণ বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।এই প্রশিক্ষণ কর্মশালায় নতুন ফৌজদারি আইন সম্পর্কে মূল্যবান জ্ঞান, ব্যবহারিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হয়। বিশেষত মাঠপর্যায়ে তদন্ত, প্রসিকিউশন-সংক্রান্ত কাজ এবং আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের নতুন আইনি ব্যবস্থার ব্যবহারিক দিকগুলি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা দেওয়াই ছিল এই প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
প্রশিক্ষণ অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ (বিএনএসএস) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ২০২৩ (বিএসএ)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে তদন্তের পদ্ধতি, সাক্ষ্য-প্রমাণ সংক্রান্ত প্রয়োজনীয়তা, প্রক্রিয়াগত সুরক্ষা, ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে সম্পর্কিত বিধান এবং ইলেকট্রনিক/ডিজিটাল প্রমাণের ব্যবহারসহ মাঠপর্যায়ে পুলিশ আধিকারিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণের আলোচনার অন্তর্ভুক্ত ছিল।ডিএসএসএ সচিবের বক্তব্যের মাধ্যমে নতুন ফৌজদারি আইনগুলির বিধানকে শুধুমাত্র তাত্ত্বিকভাবে নয়, বরং বাস্তব তদন্ত ও পুলিশি কার্যক্রমের ক্ষেত্রে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে অংশগ্রহণকারী আধিকারিকদের মধ্যে সচেতনতা ও ব্যবহারিক ধারণা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
