সাম্প্রতিক
বিশ্ব সাইকেল দিবসে কাটোয়ায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, সুস্থ ভারতের বার্তা

বিশ্ব সাইকেল দিবসে কাটোয়ায় বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, সুস্থ ভারতের বার্তা


দেবার্ঘ্য ভট্টাচার্য্য: “সাইকেল চালান, সুস্থ ভারত গড়ে তুলুন”— এই বার্তাকে সামনে রেখে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কাটোয়ায় আয়োজিত হল এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। মায় ভারত, পূর্ব বর্ধমান-এর সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ক্রীড়া ভারতীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহ দেওয়া এবং বর্তমান প্রজন্মের মধ্যে সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
মঙ্গলবার সকালে কাটোয়ার ঘোষেশ্বরতলা মন্দির মাঠ থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। র‍্যালিটি শহরের বারোয়ারিতলা, বড়বাজার, কাছারি রোড, সুবোধস্মৃতি সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মন্দির মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেল চালানোর উপকারিতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
এই কর্মসূচিতে কাটোয়ার বিভিন্ন ক্রীড়া সংস্থার সদস্য, ক্রীড়াবিদ, যুবক-যুবতী এবং সাধারণ মানুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই র‍্যালি শহরবাসীর নজর কাড়ে।
বর্তমান প্রজন্মকে সাইকেল চালাতে উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মায় ভারত, পূর্ব বর্ধমান-এর প্রজেক্ট অফিসার সুজন ঠাকুর, ক্রীড়া ভারতী কাটোয়া নগরের কার্যবাহ সুরেশ সরকার, অনির্বাণ মিশ্র, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস, সভাপতি তারক চন্দ্র দে, জাতীয় ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল, কিশোর কুমার মালাকার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আয়োজকদের বক্তব্য, নিয়মিত সাইকেল চালানো যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনই পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে যখন প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার কারণে শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে, তখন সাইকেলকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। সেই বার্তাই বিশ্ব সাইকেল দিবসে কাটোয়ার এই র‍্যালির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *