সাম্প্রতিক
রামদাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা

রামদাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা

নিজস্ব প্রতিনিধি,

কাটোয়া পূর্ব চক্রের অধীনে কাটোয়া-২ নম্বর ব্লকের অন্তর্গত রামদাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় পথ নিরাপত্তা সংক্রান্ত এক বিশেষ প্রচার ও সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম ও নিরাপদ পথ চলার বিষয়ে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এই সচেতনতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রচলিত পদ্ধতির পাশাপাশি অভিনব উপায়ে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে মুখাভিনয়ের মাধ্যমে পথ নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অভিনয়ের মাধ্যমে অসতর্কভাবে রাস্তা পারাপার, ট্রাফিক নিয়ম না মানা এবং পথ চলার সময় সতর্ক থাকার প্রয়োজনীয়তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

এর পাশাপাশি ‘পথের পাঁচালী পাঠ’-এর মাধ্যমেও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই পরিবেশনা উপস্থিত মানুষদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে। সহজ ও আকর্ষণীয় উপায়ে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরার এই উদ্যোগ প্রশংসা কুড়ায়।

শুধু বিদ্যালয় চত্বরে নয়, পথ চলতি সাধারণ মানুষের কাছেও পৌঁছে যান বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, যানবাহন চলাচলের নিয়ম মেনে চলা, রাস্তার পাশে চলার সময় সাবধানতা এবং সামগ্রিকভাবে নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করেন।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের ছোটবেলা থেকেই পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন সচেতন ছাত্র-ছাত্রী শুধু নিজেই নিরাপদে চলাচল করতে শেখে না, পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারে। সেই লক্ষ্যেই ‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রামদাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। শিক্ষক ও পড়ুয়াদের সম্মিলিত এই উদ্যোগ নিরাপদ পথ চলার বার্তা সমাজের আরও বৃহত্তর অংশের কাছে পৌঁছে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *