সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান
সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান
কলকাতা: সঙ্গীতের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCC&RI), ঠাকুরপুকুরের পাশে দাঁড়াল সুদেষ্ণা বীকন অফ হোপ (SBOH)। গত ১২ সেপ্টেম্বর মহানায়ক উত্তম মঞ্চে আয়োজিত SBOH Concert 2026 – Melodies of Hope থেকে সংস্থার পক্ষ থেকে হাসপাতালকে ১২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এই অর্থ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তা করবে।
২০১৬ সালে প্রয়াত সুদেষ্ণা ঘোষের স্মৃতিতে শুরু হওয়া SBOH-এর এই একাদশতম বার্ষিক কনসার্ট একই সঙ্গে সংস্থার এক দশকের মানবিক পথচলাকে উদ্যাপন করে। গত দশ বছরে কলকাতা ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে SGCC&RI-কে ৬০ লক্ষ টাকারও বেশি সহায়তা প্রদান করেছে SBOH। শিশু-ক্যানসার গবেষণাতেও সংস্থাটি সহযোগিতা করেছে।
SBOH-এর প্রতিষ্ঠাতা শুভাশিস ঘোষ বলেন, “এক গভীর ব্যক্তিগত বেদনা থেকে SBOH-এর যাত্রা শুরু হলেও আজ এটি আশার এক আন্দোলনে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, সঙ্গীতের মাধ্যমে ক্যানসারের সঙ্গে লড়াই করা শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। এবারের ১২ লক্ষ টাকার অনুদান সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের লক্ষ্য, কোনও শিশু যেন চিকিৎসার লড়াইয়ে নিজেকে একা মনে না করে।”
এ বছরের কনসার্টে এস. ডি. বর্মন ও আর. ডি. বর্মনের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, হৃচা দেবরাজ, স্বর্ণালী বসু ও দেবমাল্য চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্যানসারজয়ী অঞ্জলি রায়ের নৃত্য পরিবেশনা। মাত্র ১৪ বছর বয়সে ক্যানসারের কারণে একটি পা হারিয়েও নৃত্যচর্চা অব্যাহত রাখা অঞ্জলি তাঁর পরিবেশনার মধ্য দিয়ে সাহস ও প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন সুচেতা সান্যাল, রোহিণী ভোস দেসাই, শ্লোকা সুব্রহ্মণিয়ম এবং শোহান ঘোষ, প্রয়াত সুদেষ্ণা ঘোষ ও শুভাশিস ঘোষের পুত্র। সঙ্গীতের এই আয়োজনের মধ্য দিয়ে SBOH আবারও প্রমাণ করল, সুর হয়ে উঠতে পারে মানবিক সহমর্মিতা ও আশার শক্তিশালী মাধ্যম।
