সাম্প্রতিক
২০৩০ এশিয়ান গেমসে বাংলার পদক-স্বপ্ন, প্রস্তুতির রূপরেখা নিয়ে মৌলালিতে কোচেদের আলোচনা

২০৩০ এশিয়ান গেমসে বাংলার পদক-স্বপ্ন, প্রস্তুতির রূপরেখা নিয়ে মৌলালিতে কোচেদের আলোচনা

নিজস্ব প্রতিবেদক,

আগামী ২০৩০ এশিয়ান গেমসে বাংলার পদক-স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, প্রতিভার অন্বেষণ ও ধারাবাহিক প্রস্তুতি। এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার শিয়ালদহ সংলগ্ন মৌলালি যুব কেন্দ্রে অনুষ্ঠিত হল অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (ACAB) বার্ষিক অনুষ্ঠান। মূল ভাবনা ছিল ‘ভিশন ২০৩০ এশিয়ান গেমস: পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ও নবীন ক্রীড়াবিদ, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা।

অনুষ্ঠানের সূচনা হয় সম্প্রতি প্রয়াত বিশিষ্ট অ্যাথলেটদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে। এ দিন সুপার সিনিয়র অ্যাথলেটদের সম্মাননা, আজীবন কৃতিত্বের জন্য ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, উদীয়মান অ্যাথলেটদের সংবর্ধনা এবং ২০তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের বিশেষ সম্মান জানানো হয়।

উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নতুন সচিব, প্রাক্তন অলিম্পিয়ান ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত জ্যোতির্ময়ী শিকদার, নিয়তি সিনহা, অনিমা ব্রহ্ম ও গোলাম কিবরিয়া। প্রশিক্ষকদের আলোচনা সভায় খেলোয়াড়দের পদক জয়ের উপযোগী করে গড়ে তোলা এবং বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়।

সংস্থার সভাপতি স্বপন রাহা বলেন, ২০৩০ এশিয়ান গেমসে সাফল্যের জন্য ধারাবাহিক প্রস্তুতি ও কোচেদের সম্মিলিত উদ্যোগ জরুরি। কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার জৈন উদীয়মান প্রতিভাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। সচিব দেবনারায়ণ মজুমদার সংস্থার কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় সংস্থার ৩৩তম বার্ষিক সাধারণ সভা। সেখানে গত বছরের ৩২তম সভার কার্যবিবরণী, ২০২৫-২৬ আর্থিক বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব অনুমোদন এবং ২০২৬-২৭ সালের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হয়।

অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সরদার জানান, গ্রামাঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনাই সংস্থার অন্যতম লক্ষ্য। পাশাপাশি সফল অ্যাথলেটদের সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রতিভা চিহ্নিতকরণ, প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও নিরন্তর অনুশীলনের মধ্য দিয়েই বাংলার অ্যাথলেটিক্সকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *