ঘন ঘন প্রস্রাব ও অতিরিক্ত তৃষ্ণা: দৈনন্দিন এই উপসর্গগুলি কখন ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করার ইঙ্গিত দেয়?
ঘন ঘন প্রস্রাব ও অতিরিক্ত তৃষ্ণা: দৈনন্দিন এই উপসর্গগুলি কখন ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করার ইঙ্গিত দেয়?
ডাঃ তোর্ষা চ্যাটার্জী, কনসালটেন্ট – এন্ডোক্রিনোলজি ও ডায়াবেটোলজি, নারায়ণা হাসপাতাল, বারাসাত
ঘন ঘন প্রস্রাব হওয়া এবং বারবার তৃষ্ণা পাওয়ার মতো উপসর্গগুলিকে অনেকেই অতিরিক্ত জল পান, গরম আবহাওয়া কিংবা দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনের ফল বলে মনে করেন। তবে এই উপসর্গগুলি যদি নিয়মিত দেখা যায়, তাহলে রক্তে সুগারের মাত্রা বেড়ে গিয়েছে কি না তা জানতে পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে।
ডায়াবেটিসের অন্যতম সাধারণ উপসর্গ হল পলিডিপসিয়া (Polydipsia), যার ফলে অতিরিক্ত তৃষ্ণা পায় এবং পলিইউরিয়া (Polyuria) বা ঘন ঘন প্রস্রাব হয়। রক্তে সুগারের মাত্রা অত্যধিক বেড়ে গেলে এমনটা ঘটে। রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ বের করে দেওয়ার জন্য কিডনিকে বেশি কাজ করতে হয়। এর ফলে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যায় এবং ঘন ঘন প্রস্রাব হয়। শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যাওয়ার কারণে বারবার তৃষ্ণা পেতে থাকে।
শুধু অতিরিক্ত তৃষ্ণাই নয়
শুধুমাত্র অতিরিক্ত তৃষ্ণা পাওয়া বা বেশি জল পান করার প্রবণতা দেখেই ডায়াবেটিসের সন্দেহ করা উচিত নয়। এর পাশাপাশি আরও কিছু উপসর্গের দিকে নজর রাখা জরুরি। যেমন, কোনও চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া, অতিরিক্ত খিদে পাওয়া, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ক্ষত শুকাতে বেশি সময় লাগা এবং ত্বক বা মূত্রনালিতে বারবার সংক্রমণ হওয়া। অনেকের ক্ষেত্রে আবার কোনও গুরুতর উপসর্গও দেখা যায় না।
তবুও মনে রাখতে হবে, এই উপসর্গগুলি থাকলেই যে ডায়াবেটিস হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI), কিছু নির্দিষ্ট ওষুধ এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও পলিইউরিয়া হতে পারে। অন্যদিকে, শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশনের কারণেও পলিডিপসিয়া দেখা দিতে পারে। তবে এই দুটি উপসর্গ যদি নিয়মিত দেখা যায়, বিশেষ করে অন্য কোনও সতর্কতামূলক লক্ষণের সঙ্গে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন ব্লাড সুগারের মাত্রা পরীক্ষা করাবেন?
যদি কোনও স্পষ্ট কারণ ছাড়াই নিয়মিত অতিরিক্ত তৃষ্ণা পায় এবং ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণত চিকিৎসক কয়েকটি রক্ত পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ (FBS) পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ (PPBS) এবং HbA1c পরীক্ষা। এই পরীক্ষাগুলির মাধ্যমে ব্লাড সুগারের মাত্রা নির্ণয় করা যায় এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি কি না, তা বোঝা সম্ভব।
দ্রুত রোগ নির্ণয়ের গুরুত্ব
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় । প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী সঠিক ওষুধ দিতে পারেন। এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলা এবং নিয়মিত শরীরচর্চা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই উপসর্গগুলিকে অবহেলা করবেন না। ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অতিরিক্ত তৃষ্ণা পাওয়াকে সামান্য সমস্যা বলে মনে হলেও, এগুলি শরীরের বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজমের কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে। প্রাথমিক উপসর্গগুলি সম্পর্কে সচেতন থাকা এবং সঠিক সময়ে ডায়াবেটিস পরীক্ষা করানো দীর্ঘমেয়াদে সুস্থ থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
