সাম্প্রতিক
রাজ্যের একাধিক জেলায় অনুষ্ঠিত সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কম্পিটিশন

রাজ্যের একাধিক জেলায় অনুষ্ঠিত সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কম্পিটিশন

প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ, ড্রয়িং প্রতিযোগিতায় শতাধিক পড়ুয়া
শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হল সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম ও ড্রয়িং কম্পিটিশন-২০২৬। এবছর এই পরীক্ষায় প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পাশাপাশি ড্রয়িং কম্পিটিশনে অংশ নেয় শতাধিক খুদে শিল্পী।

সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উদ্যোগ। সংস্থার রাজ্য সম্পাদক তথা শিক্ষক আবু সিদ্দিক খান জানান, “মরহুম ড. সোহারাব হোসেনের মস্তিষ্কপ্রসূত এই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হল ট্যালেন্ট সার্চ এক্সাম। দীর্ঘ এক দশক ধরে আমরা অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে এই পরীক্ষা পরিচালনা করে আসছি।”

তিনি আরও জানান, পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সেরা দশজন মেধাবী পরীক্ষার্থীকে স্কলারশিপ, সার্টিফিকেট, মেডেল, মেমেন্টো ও বই প্রদান করে উৎসাহিত করা হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আগামী দিনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করাই সংস্থার মূল উদ্দেশ্য।

এবছরের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পিছনে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, সিরাতের সদস্য-সদস্যা এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন আবু সিদ্দিক খান। তাঁদের সকলের প্রতি সংস্থার পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর ২০২৬পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। অন্যদিকে, সম্ভাব্য ১১ জানুয়ারি ২০২৭ বারাসাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতী পরীক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার পাশাপাশি মেধা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে সিরাতের এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদী সংস্থার কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *