সাম্প্রতিক
রান্নাঘরের ধোঁয়া থেকে শহরের দূষণ: প্রতিদিনের বায়ুদূষণ থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখুন

রান্নাঘরের ধোঁয়া থেকে শহরের দূষণ: প্রতিদিনের বায়ুদূষণ থেকে ফুসফুসকে সুরক্ষিত রাখুন

ডাঃ মনুজেশ বন্দ্যোপাধ্যায়, কনসালটেন্ট – থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি, নারায়ণা হাসপাতাল বারাসাত

যানবাহনের ধোঁয়া, কলকারখানা এবং নির্মাণকাজ থেকে নির্গত ধুলো ও ধোঁয়া বাইরের বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। তবে বায়ুদূষণের উৎস যে শুধু বাইরেই সীমাবদ্ধ, তা নয়। আমাদের বাড়ির ভিতরেও রান্না করা, ধূপ জ্বালানো কিংবা নির্দিষ্ট কিছু পরিষ্কার করার সামগ্রী ব্যবহারের ফলে বায়ুদূষণ হতে পারে। ঘরের ভিতরের দূষণের সঙ্গে বাইরের দূষণ মিলিত হয়ে ফুসফুসের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

ঘরের ভিতরে বায়ুদূষণের উৎস

রান্না করার সময়, বিশেষ করে খাবার ডিপ-ফ্রাই করা বা রোস্ট করার ফলে বাতাসে সূক্ষ্ম কণা এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে পড়তে পারে। পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঘরের ভিতরে এই দূষকগুলির মাত্রা অনেক বেড়ে যেতে পারে। রান্নার জন্য কাঠ, কয়লা বা কেরোসিনের মতো জ্বালানি ব্যবহার করলে দূষণের মাত্রা আরও বাড়তে পারে।

এছাড়াও, সিগারেটের ধোঁয়া, মশার কয়েল, ধূপকাঠি এবং অ্যারোসল-ভিত্তিক কিছু পরিষ্কার করার সামগ্রী ঘরের বাতাসের গুণমান খারাপ করতে পারে। দীর্ঘদিন এই ধরনের দূষণের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রে জ্বালাভাব তৈরি হতে পারে এবং অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এর মতো আগে থেকে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বাড়তে পারে।

বাইরের বায়ুদূষণ কীভাবে ঘরের ভিতরে প্রবেশ করে

বাইরের বায়ুদূষণের অন্যতম উপাদান সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5 ঘরের ভিতরেও প্রবেশ করতে পারে। খোলা জানলা, দরজা এমনকী বায়ু চলাচলের ব্যবস্থার মাধ্যমেও এই দূষিত কণা ঘরে ঢুকে পড়ে। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে এই কণাগুলি ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে এবং কখনও কখনও রক্তপ্রবাহেও পৌঁছে যেতে পারে।

দীর্ঘদিন এই ধরনের দূষণের সংস্পর্শে থাকা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ তাঁদের জন্য, যাঁদের আগে থেকেই ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। বয়স্ক মানুষ এবং শিশুদের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি। দীর্ঘস্থায়ী কাশি, শ্বাস নেওয়ার সময় সাঁইসাঁই শব্দ, শ্বাসকষ্ট, গলায় ব্যথা কিংবা বুকে অস্বস্তির মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।

বাড়ির ভিতরের বাতাসের গুণমান উন্নত করার উপায়

ঘরের ভিতরে বায়ুদূষণ কমাতে রান্নার সময় এক্সহস্ট ফ্যান বা কিচেন চিমনি ব্যবহার করা উচিত। রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং রান্নার তেল দীর্ঘক্ষণ অতিরিক্ত গরম করা থেকে বিরত থাকতে হবে। রান্নাঘরের দেওয়াল ও এক্সহস্ট ফ্যানে জমে থাকা ছত্রাক এবং কালি নিয়মিত পরিষ্কার করা জরুরি।

কাঠ, কয়লা বা কেরোসিনের পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করা, বাড়ির ভিতরে ধূমপান এড়িয়ে চলা এবং ধূপকাঠি ও মশার কয়েলের ব্যবহার কমানো ঘরের বাতাসের গুণমান উন্নত করতে সাহায্য করে।

বাইরে দূষণের মাত্রা বেশি থাকলে সেই সময় জানলা বন্ধ রাখা ভালো। প্রয়োজন অনুযায়ী HEPA ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি নিজের এলাকার বায়ুর গুণমান সম্পর্কিত নিয়মিত আপডেট রাখাও জরুরি।

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখুন

বায়ুদূষণ সবসময় দেখা যায় না বা গন্ধ পাওয়া যায় না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ফুসফুসের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাড়ির ভিতরে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে প্রতিটি ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। যতটা সম্ভব দূষণের উৎস কমিয়ে আনুন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন।

বাইরে ধুলোবালি বা দূষণযুক্ত পরিবেশে বের হলে মাস্ক ব্যবহার করুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। পাশাপাশি ফুসফুস সংক্রান্ত কোনও উপসর্গ দীর্ঘদিন ধরে দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো সচেতনতা ও সঠিক পদক্ষেপই আপনার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *